নরসিংদী প্রতিনিধি :
নরসিংদী জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” এর জমজমাট ফুটবল ফাইনালে নরসিংদী সদর উপজেলাকে টাইব্রেকারে হারিয়ে নরসিংদী জেলার শ্রেষ্ঠ দল হিসেবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে রায়পুরা উপজেলা। শ্বাসরুদ্ধকর এই ম্যাচে দুই দলের খেলোয়াড়রাই দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করেন। নির্ধারিত সময়ের খেলা অমীমাংসিত থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে অসাধারণ দক্ষতা ও আত্মবিশ্বাসের পরিচয় দিয়ে জয় নিশ্চিত করে রায়পুরার দামাল ছেলেরা।
ফাইনাল জয়ের পর মাঠজুড়ে বয়ে যায় আনন্দের জোয়ার। সমর্থকদের উচ্ছ্বাস আর ভালোবাসায় সিক্ত হন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ রানা। খেলোয়াড়দের বিজয় উদযাপনে মুখর হয়ে ওঠে পুরো স্টেডিয়াম প্রাঙ্গণ।
শুরু থেকে শেষ পর্যন্ত রায়পুরার খেলোয়াড়রা বুক চিতিয়ে লড়ে শক্তিশালী প্রতিপক্ষকে পরাজিত করে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। তাদের অসাধারণ পারফরম্যান্সে গর্বিত পুরো রায়পুরাবাসী। খেলা শেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিজয়ী দলকে অভিনন্দন জানান। সামাজিক যোগাযোগ মাধ্যমেও রায়পুরা উপজেলার এই ঐতিহাসিক জয় নিয়ে চলছে ব্যাপক প্রশংসা।
এদিকে, নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব ইসরাত জাহান কেয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব খায়রুল কবির খোকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মনজুর এলাহী এবং সংরক্ষিত মহিলা আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শিরীন সুলতানা। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং অসংখ্য ক্রীড়ামোদী মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ তাদের বক্তব্যে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়দের অভিনন্দন ও ধন্যবাদ জানান। তারা জেলার সর্বস্তরে খেলাধুলা ছড়িয়ে দিতে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া নরসিংদীকে মাদক ও কিশোর গ্যাংমুক্ত করতে শিশু-কিশোরদের আরও বেশি খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। পাশাপাশি বছরব্যাপী খেলাধুলা চালিয়ে নিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।