আব্দুল বাতেন, স্টাফ রিপোর্টার:
নরসিংদী রায়পুরায় রেললাইনে হাঁটার সময় ট্রেনে ধাক্কায় জুয়েল ভূঁইয়া (৪৫) নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিহত হয়েছে। সোমবার সকাল ৯টায় উপজেলার মেথিকান্দা স্টেশনের পশ্চিম দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিক করেন মেথিকান্দা স্টেশন মাস্টার মোহাম্মদ রেজোয়ান।
নিহত জুয়েল উপজেলার অলিপুরা ইউনিয়নের নবিয়াবাদ এলকার মোকাদ্দেছ ভূঁইয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে পুলিশ জানায়, সকাল ৯টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা এগারোসিন্ধুর এক্সপ্রেস মেথিকান্দা স্টেশনে প্রবেশ করছিল। ওই সময় স্টেশনের পশ্চিশ পাশে রেললাইনে হাঁটার সময় ট্রেনে ধাক্কায় ঘটনাস্থলে জুয়েল ভূঁইয়ার মৃত্যু হয়। পরে রেলওয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে যায়।
জানা গেছে, বেসরকারি একটি কম্পানিতে চাকরি করতেন জুয়েল। পরে মানসিক রোগের কারণে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। সকালে বাড়ি থেকে বের হয়ে রেললাইন ধরে হাঁটার সময় ট্রেনে ধাক্কায় তার মৃত্যু হয়।
খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানান নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই নাজিউর রহমান। তবে নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন কিনা এব্যাপারে নিশ্চিত নন বলে জানান তিনি।