মোঃ বাদল মিয়া, বেলাবো উপজেলা প্রতিনিধিঃ
নরসিংদীর বেলাবোতে সড়ক দূর্ঘটনায় বেলাবো উপজেলা প্রকৌশলী অফিসের উপ-সহকারী প্রকৌশলী মোঃ ফয়সাল মোল্লা সুজন (৩১) নিহত হয়েছেন।
রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার আমলাব ইউনিয়নের বটেশ্বর গ্রামের
চানু মিয়ার বাড়ি সংলগ্ন স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত প্রকৌশলী বেলাবো উপজেলা প্রকৌশলী অফিসে কর্মরত ছিলেন।
তিনি শিবপুর উপজেলার ধনুয়া গ্রামের ফারুক মোল্লার ছেলে। ২০২২ সালে বেলাবো উপজেলা প্রকৌশলী অফিসে উপ সহকারী প্রকৌশলী পদে যোগদান করেন।
জানা গেছে,উপসহকারী প্রকৌশলী ফয়সাল মোল্লা ঘটনার সময় মটরসাইকেল যোগে অফিসিয়াল কাজে বটেশ্বর গ্রামে যাওয়ার পথে উল্লেখিত স্থানে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি মাহিন্দ্রা ট্রাক্টর (ইছারমাথার) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ফয়সাল মোটরসাইকেল থেকে রাস্তার পাশে ছিটকে পড়ে যায় । পরে স্থানীয়রা তাকে বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডাঃ মমতাজ সরকার বলেন, আমাদের হাসপাতালে আনার পর তাকে জীবিত পাইনি। সম্ভবত ঘটনাস্থলেই মারা গেছেন তিনি।
উপজেলা প্রকৌশলী মোঃ গোলাম সারোয়ার জানান, অফিসিয়াল কাজে সকালে বের হোন ফয়সাল। দুইটা পাঁচ মিনিটে খবর পেয়েছি দূর্ঘটনা হয়েছে।
বেলাবো থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন,
উপ-সহকারী প্রকৌশলী নিহতের ঘটনায় বেলাবো থানায় মামলার প্রস্তুতি চলছে ।
দূর্ঘটনার পরপরই চালক পালিয়ে যায়। গাড়িটি জব্দ করা হয়েছে। চালককে গ্রেফতারের চেষ্ঠা চলছে।