কাজী জহিরুল ইসলাম খোকন, নরসিংদী প্রতিনিধি :
গত (১২ ফেব্রুয়ারি ২০২৬) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নরসিংদী জেলায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
জেলার ইতিহাসে এবারই প্রথম বড় ধরনের সহিংসতা বা প্রাণহানির ঘটনা ছাড়াই নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করছেন নরসিংদীবাসী।
জেলার ৫টি সংসদীয় আসনের ভোটকেন্দ্রগুলোতে সকাল থেকেই ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। একই সঙ্গে গণভোটেও ভোটারদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। কিছু বিচ্ছিন্ন বিশৃঙ্খলা ও জাল ভোটের অভিযোগ পাওয়া গেলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
নির্বাচন ও গণভোট সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সার্বিক তত্ত্বাবধানে দায়িত্ব পালন করেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে সক্রিয় ছিলেন পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুকের নেতৃত্বে জেলা পুলিশের সদস্যরা।
এছাড়াও নরসিংদী সেনা ক্যাম্পের নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ এলাকায় টহল জোরদার করেন এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন। যেকোনো অনিয়ম, জাল ভোট বা বিশৃঙ্খলা প্রতিরোধে জেলা প্রশাসনের উদ্যোগে সার্বক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়, যা নির্বাচনকে আরও শৃঙ্খলাপূর্ণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
জেলা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী,আনসার ও ভিডিপি,বিজিবি,র্যাব, বিভিন্ন ছাত্র সসংগঠনের নেতৃবৃন্দ সহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত ও কার্যকর পদক্ষেপের ফলে নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের প্রতি সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জেলার সাধারণ জনগণ।
নরসিংদীর বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং শান্তিপূর্ণ সহাবস্থানও সহিংসতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করেন সুশীল সমাজের প্রতিনিধিরা।