নিজস্ব প্রতিবেদক :
নরসিংদীর রায়পুরা চরাঞ্চলের খেটে খাওয়া সাধারণ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে কঠোর অবস্থান নিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আলহাজ্ব মো. আশরাফ উদ্দিন বকুল। প্রান্থশালা গুদারাঘাটে ইজারা ও টোল আদায়ের নামে সাধারণ মানুষকে জিম্মি করে অর্থ আদায়ের অপচেষ্টা বন্ধে তিনি প্রশাসন ও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। সম্প্রতি এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এমপি আশরাফ উদ্দিন বকুল বলেন,
গরিব-দুঃখী মানুষের কষ্ট লাঘব করাই আমার প্রধান লক্ষ্য। প্রান্থশালা গুদারাঘাটের টোল নিয়ে সাধারণ মানুষের যে ভোগান্তি তৈরি হয়েছে, তা আর চলতে দেওয়া হবে না। কোনো অদৃশ্য শক্তির দাপটে জনগণের পকেট কাটার সুযোগ দেওয়া হবে না।
তিনি আরও বলেন, খেটে খাওয়া মানুষ যাতে নির্বিঘ্নে এবং অতিরিক্ত খরচ ছাড়াই যাতায়াত করতে পারে, সে বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।
ঠিকাদারদের উদ্দেশে কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন,
কাজ বাগিয়ে নেওয়ার জন্য ঠিকাদারদের মধ্যে যে অসম প্রতিযোগিতা চলে এবং পরে সেই খরচ জনগণের ওপর চাপানো হয়—তা বন্ধ করতে হবে। জনগণকে জিম্মি করে টাকা আদায়ের মাধ্যমে কোনো উন্নয়ন বা সেবা আমরা চাই না।
এ সময় তিনি কয়েকটি বিষয়ে গুরুত্বারোপ করেন—
কোনো সিন্ডিকেট বা অসাধু প্রতিযোগিতার মাধ্যমে কাজ ভাগাভাগি করা যাবে না। টোল বা অন্য কোনো সেবার নামে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করা যাবে না। ব্যবসায়িক স্বার্থের চেয়ে জনকল্যাণকে অগ্রাধিকার দিতে হবে।
এমপি বকুল বলেন, আমি সাধারণ মানুষের খাদেম হিসেবে কাজ করতে চাই। কোনো ঠিকাদার বা স্বার্থান্বেষী মহলের কারণে আমার এলাকার মানুষ জিম্মি থাকবে—এটা হতে দেওয়া হবে না।