
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের সঙ্গে নতুন করে সম্পর্ক রাখতে চায় ভারত। দেশটি দ্রুতই ভিসা স্বাভাবিকীকরণ করবে।
আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে এসব কথা বলেন তিনি।
প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, তারা ভিসা স্বাভাবিকীকরণ করবে।
শামা ওবায়েদ বলেন, ‘আমি মনে করি দুদেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য, জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক, এমনকি মেডিকেল ভিসা স্বাভাবিক করার জন্য ভিসা সহজীকরণ—এ বিষয়গুলো আগের জায়গায় ফিরে যাওয়া উচিত। তারা (ভারত) নিশ্চয়ই এটা করবে, আমাদেরকে তারা বলেছেও।’
তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার এখন বাংলাদেশে ক্ষমতায় এসেছে, নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তারাই (ভারত) বলেছে, তারা নতুন করে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক রাখতে চায়।’
শাবা ওবায়েদ আরও বলেন, ‘সব দেশেই আমাদের লোক লিগ্যালভাবে যাবে, এটাই আমরা চাই। তবে সমস্যা হচ্ছে মানবপাচারের সঙ্গে যারা জড়িত, তাদের আমাদের ধরতে হবে। লিবিয়ায় লোক যাবে, সব দেশেই লোক যাবে। তবে সমস্যাটা হচ্ছে অসাধু লোকেরা এ সুযোগ নেয়। তাদের লাভের জন্য মানুষের জীবন নিয়ে খেলা করে, সেটাই আমরা বন্ধ করতে চাই।’