
রায়পুরা প্রতিনিধি :
নরসিংদীর রায়পুরা পৌর শহরের হাসিমপুর (কলাবাড়িয়া) এলাকায় একটি বালিকা মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৯–১০ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জান্নাতুল বুশরা বালিকা মাদ্রাসার ওই শিক্ষকের বিরুদ্ধে এর আগেও অনৈতিক আচরণের একাধিক অভিযোগ ছিল। সর্বশেষ ঘটনাটি প্রথমে গোপন রাখার চেষ্টা করা হলেও পরে স্থানীয়দের মাধ্যমে বিষয়টি প্রকাশ্যে আসে।
অভিযোগ প্রকাশের পর অভিযুক্ত শিক্ষক জুনায়েদ পালিয়ে যান। পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে সোমবার রাত ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে তাকে গ্রেপ্তার করে রায়পুরা থানা পুলিশ।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে। তারা দ্রুত অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি, সুষ্ঠু তদন্ত এবং এ ঘটনায় জড়িত বা সহায়তাকারীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
রায়পুরা থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।