
নিজস্ব প্রতিবেদক, মনোহরদী:
নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নে চেয়ারম্যান মোঃ কাউছার রশিদ বিপ্লবের তত্ত্বাবধানে রামপুর কালো প্রধানের বাড়ির পাশে একটি কালভার্ট নির্মাণ প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়রা বলছেন, ঈদের ছুটি এবং প্রশাসনিক নজরদারির অভাবকে কাজে লাগিয়ে রাতে গোপনে চলছে নিম্নমানের নির্মাণকাজ।
অভিযোগ অনুযায়ী, নির্মাণ কাজে ব্যবহৃত হচ্ছে নিম্নমানের ইট ও কংক্রিট। এমনকি রড ছাড়াই ফ্লোর ঢালাই দেয়া হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী। তারা জানান, কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় স্থানীয় প্রশাসন বা প্রকৌশল বিভাগের কোনো উদ্যোগ না নিয়ে, বরং ‘ম্যানেজ’ করার চেষ্টা করা হচ্ছে।
এই বিষয়ে জানতে চাইলে স্থানীয় ইউপি সদস্য মোঃ দুলাল মিয়া বলেন, “এই প্রকল্পের সভাপতি স্বয়ং চেয়ারম্যান। কত টাকার কাজ হচ্ছে, বা কিভাবে কাজ হচ্ছে — সে সম্পর্কে আমি কিছুই জানি না।”
চেয়ারম্যান মোঃ কাউছার রশিদ বিপ্লবের সঙ্গে এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মোবাইল ফোনে একাধিকবার কল করেও সাড়া পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন, এমন একটি প্রকল্পের আর্থিক বিবরণ কেন গোপন রাখা হয়েছে? প্রকল্পে বরাদ্দকৃত অর্থ কত, সেটি জনসমক্ষে প্রকাশ করার দাবি জানিয়েছেন তারা।
জনদাবি ও আশঙ্কা:
সরকারি বরাদ্দে নির্মাণকাজে অনিয়মের ফলে শুধু রাষ্ট্রের সম্পদই নয়, জনগণের জীবন-নিরাপত্তাও ঝুঁকির মধ্যে পড়ছে। এলাকাবাসীর দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত হস্তক্ষেপ করে কাজ বন্ধ করে নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করুক এবং প্রকল্পের ব্যয় ও পরিকল্পনার বিস্তারিত জনসমক্ষে প্রকাশ করুক।