
কাজী জহিরুল ইসলাম খোকন, নরসিংদী প্রতিনিধি :
২১ ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ১৪৩২ বঙ্গাব্দ উপলক্ষে জেলা প্রশাসন, নরসিংদীর আয়োজনে অমর একুশে বইমেলা ও সাহিত্যিক সম্মিলনের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
নরসিংদী পৌর পার্কে আয়োজিত এ বইমেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন নরসিংদী-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য, খায়রুল কবির খোকন।
উদ্বোধন শেষে অতিথিগণ বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং প্রকাশক ও দর্শনার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক, নরসিংদী, মোহাম্মদ আনোয়ার হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, নরসিংদী, মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক। এছাড়া জেলা বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সুধীজন উপস্থিত ছিলেন।
উদ্বোধন পরবর্তীতে জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেন, ভাষা আন্দোলন বাঙালি জাতির আত্মমর্যাদা ও স্বাধীনতার বীজ রোপণ করেছে। নতুন প্রজন্মকে বইমুখী করে গড়ে তুলতে এবং ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে সচেতন করতে এ ধরনের বইমেলার আয়োজন অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেন, সপ্তাহব্যাপী এ বইমেলা জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও সাংস্কৃতিক বিকাশের এক অনন্য আয়োজন। তিনি শিক্ষার্থী ও তরুণদের বেশি বেশি বই পড়ার আহ্বান জানান এবং পরিবারভিত্তিক পাঠাভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক বলেন, একটি সচেতন, মানবিক ও অপরাধমুক্ত সমাজ গঠনে বইয়ের ভূমিকা অপরিসীম। তরুণ প্রজন্মকে ইতিবাচক ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে বইপড়ার বিকল্প নেই।
এ বইমেলায় বিভিন্ন প্রকাশনা সংস্থার স্টল, আলোচনা সভা, সাহিত্য আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে নানা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।