
মোঃ বাদল মিয়া,বেলাব (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর বেলাবতে সড়ক দুর্ঘটনায় আহনাফ ক্যাফের ম্যানেজার আব্দুল হালিম (৪২) নিহত হয়েছেন।
শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বীর বাঘবের এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল হালিম বেলাব উপজেলার পাটুলী ইউনিয়নের রায়েরগাঁও গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে এবং আহনাফ ক্যাফের ম্যানেজার।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে মোটরসাইকেল যোগে আব্দুল হালিম নিজ কর্মস্থল বেলাব আহনাফ ক্যাফেতে যাচ্ছিলো। তার মোটরসাইকেল বীর বাঘবের ঈদগাহ মাঠের কাছে আসতেই বিপরীত দিক থেকে আসা একটি টমটম তাকে ধাক্কা দেয়।
এতে আব্দুল হালিম ছিটকে পড়ে যান এবং গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বেলাব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ তানজিনা আফরিন জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। তাই তাকে মৃত ঘোষণা করা হয়েছে।