
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলে সাম্প্রতিক সহিংসতা ও আধিপত্য বিস্তারের ঘটনার প্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনী ডমিনেশন টহল ও তল্লাশি অভিযান পরিচালনা করেছে। বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র্যাব ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ দল এ অভিযান পরিচালনা করে।
গতকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর ১২ ল্যান্সারস, বিজিবির ৬৩ ব্যাটালিয়ন, র্যাব-১১ সিপিএসসি নরসিংদী এবং রায়পুরা থানা পুলিশের সদস্যরা বাঁশগাড়ি ইউনিয়ন ও শ্রীনগর ইউনিয়নের চরাঞ্চলে ডমিনেশন টহল ও তল্লাশি অভিযান চালায়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শ্রীনগর ইউনিয়নের কয়েকটি সন্দেহভাজন বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামের মধ্যে রয়েছে—ট্যাটা (ধারালো অস্ত্র) ২টি,ছুরি ২টি,রামদা (প্রায় ২৪ ইঞ্চি) ১টি,চাকু ১টি,শর্টগান ২টি,শটগানের খালি খোসা ২টি,চেইন ও রড দিয়ে তৈরি চাবুক ১টি,দেশীয় শটগানের ব্যারেল ২টি
উদ্ধারকৃত সকল অস্ত্র ও আলামত রায়পুরা থানা পুলিশের হেফাজতে হস্তান্তর করা হয়েছে।
এ অভিযানে তাৎক্ষণিকভাবে কাউকে গ্রেপ্তার করা না গেলেও সংশ্লিষ্ট এলাকায় নজরদারি, গোয়েন্দা তৎপরতা ও অনুসন্ধান কার্যক্রম জোরদার করা হয়েছে।
যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, চরাঞ্চলসহ পুরো উপজেলায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং অবৈধ অস্ত্রের ব্যবহার রোধে এ ধরনের যৌথ টহল, তল্লাশি ও ডমিনেশন অপারেশন ভবিষ্যতেও নিয়মিত ও কঠোরভাবে পরিচালিত হবে।
বিশেষ করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাধারণ জনগণ যেন নির্বিঘ্ন ও নিরাপদে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে লক্ষ্যে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে।