
কাজী জহিরুল ইসলাম খোকন, নরসিংদী প্রতিনিধি :
মানবিকতা ও সহমর্মিতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে নরসিংদী জেলা স্বেচ্ছাসেবী ফোরাম পরিচালিত “মেহমানখানা” উদ্যোগ। পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রান্তিক পর্যায় থেকে শহরাঞ্চলে আগত অসহায়, দুস্থ, এতিম, মুসল্লি, পথচারী, ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষের জন্য মাসব্যাপী ইফতার কর্মসূচির আয়োজন করা হয়েছে।
মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচির অংশ হিসেবে আজ রবিবার (০৮ মার্চ ২০২৬) বিকেল ৪টায় নরসিংদী রেলওয়ে স্টেশন চত্বরে অসহায় ও পথচারী মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়। এসময় উপস্থিত থেকে ইফতার বিতরণ করেন নরসিংদী সদর-১ আসনের জাতীয় সংসদ সদস্য ও নরসিংদী জেলা স্বেচ্ছাসেবী ফোরামের প্রধান উপদেষ্টা, খায়রুল কবির খোকন।
সংসদ সদস্য তার বক্তব্যে বলেন, পবিত্র মাহে রমজান আমাদেরকে সহমর্মিতা, মানবিকতা ও পরস্পরের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি “মেহমানখানা”র এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এমন উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এসময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মীরাও বক্তব্য রাখেন এবং এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানান।
“মেহমানখানা”র আহ্বায়ক শেখ রাসেল মাহমুদ এ কর্মসূচির সার্বিক তত্ত্বাবধান করেন। নরসিংদী জেলা স্বেচ্ছাসেবী ফোরামের সভাপতি আবু বকর তামিম প্রবাসে অবস্থান করেও এই মানবিক কার্যক্রম পরিচালনা ও সহযোগিতা করে যাচ্ছেন।
এছাড়া কর্মসূচি বাস্তবায়নে পরিচালনায় ছিলেন নরসিংদী জেলা স্বেচ্ছাসেবী ফোরামের পরিচালক সাহিদ সরকার ও রবিউল্লাহ সায়েম। সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবকরাও ইফতার বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, রমজান মাসজুড়ে প্রতিদিন অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে ইফতার বিতরণ করা হবে, যাতে সমাজের সুবিধাবঞ্চিত মানুষও পবিত্র রমজানের আনন্দে অংশ নিতে পারেন।
আয়োজনে:মেহমানখানানরসিংদী জেলা স্বেচ্ছাসেবী ফোরাম