• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মনোহরদীতে গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের গ্র্যাজুয়েশন ও বৃত্তি প্রদান নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেলাবোতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ মারা গেছেন রায়পুরায় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, মোটরসাইকেল ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ বেলাবোতে পাটনার ফিল্ড স্কুলের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হুইলচেয়ারের আবদার নিয়ে ইউএনওর কাছে তুলি, মানবিকতায় মুগ্ধ রায়পুরার মানুষ শতভাগ জিপিএ-৫ অর্জনে অনিয়মের অভিযোগ, নাছিমা কাদির মোল্লা হাই স্কুলকে শোকজ রায়পুরা থানা পুলিশকে এমপি বকুলের দুটি ভ্যান উপহার

রায়পুরায় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, মোটরসাইকেল ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ

Reporter Name
Update : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

রায়পুরায় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, মোটরসাইকেল ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ

রায়পুরা প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও মোটরসাইকেল ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনায় বিএনপির সাত নেতাকর্মী আহত হয়েছেন। পাশাপাশি রায়পুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আল মামুন ভূইয়ার বাড়িতে ককটেল বিস্ফোরণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রায়পুরা ইউনিয়ন পরিষদের সামনে চেয়ারম্যান ফারুক হোসেন আলীর সমর্থকদের আয়োজিত মানববন্ধনকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয়। পরে দুপুরে চেয়ারম্যানের বাড়ির সামনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে চেয়ারম্যানের সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন—রায়পুরা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন, রায়পুরা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম, উপজেলা ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, কাচারিকান্দি এলাকার রিমন আহম্মদ ও ফকিরেরচর এলাকার জাহাঙ্গীর আলম। তারা রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে আমির হোসেন আমুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, চেয়ারম্যান ফারুক হোসেন আলীকে আদালতে হাজিরের পর কারাগারে পাঠানোর প্রতিবাদে তার সমর্থকরা রায়পুরা ইউনিয়ন পরিষদের সামনে মানববন্ধন করেন। এ সময় বিএনপির কয়েকজন নেতাকর্মী সেখানে গেলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আল মামুন ভূইয়ার বাড়িতে ককটেল বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়লে বিএনপির নেতাকর্মীরা মোটরসাইকেলযোগে চেয়ারম্যান ফারুক হোসেনের বাড়ির দিকে রওনা হন। সেখানে পৌঁছালে চেয়ারম্যানের সমর্থকদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর এবং বিএনপি নেতাকর্মীদের মারধর করা হয়েছে বলে অভিযোগ করা হয়।

রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা বলেন, সংঘর্ষের খবর পেয়ে চেয়ারম্যান ফারুক হোসেন আলীর বাড়ি ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের বাড়ি পরিদর্শন করা হয়েছে। চেয়ারম্যানের বাড়ির গেট ও ভেতরে হামলার ঘটনা ঘটেছে। একই সঙ্গে চেয়ারম্যানের বাড়ি অতিক্রম করার সময় লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে মোটরসাইকেলের বহরে হামলার ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়েছেন।

রায়পুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আল মামুন ভূইয়া অভিযোগ করে বলেন, ফারুক চেয়ারম্যানকে আদালত কারাগারে পাঠানোর পর তার অনুসারীরা মানববন্ধন করেন। এ সময় বিএনপির নেতাকর্মীরা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ছিলেন। পরে তার বাড়িতে ককটেল বিস্ফোরণের খবর পান। নেতাকর্মীরা ঘটনাস্থলে আসার পর তাদের ওপরও হামলা চালানো হয় বলে তিনি অভিযোগ করেন।

রায়পুরা থানার তদন্ত কর্মকর্তা টিএম ফরিদুল আলম বলেন, ফারুক চেয়ারম্যানকে আদালত কারাগারে পাঠানোর পর তার অনুসারীরা মানববন্ধনের চেষ্টা করেন। বিষয়টি কেন্দ্র করে বিএনপির নেতারা মামুদপুর এলাকায় গেলে চেয়ারম্যানের অনুসারীরা তাদের ওপর হামলা করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে। অভিযোগ পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, সোমবার (১৭ আগস্ট) একটি মামলায় হাজিরা দিতে নরসিংদী আদালতে যান রায়পুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন আলী। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category