দ্বিতীয়বারের মতো সভাপতি হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরা সাংবাদিক ফোরামের সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সদস্যদের গোপন ব্যালটে অনুষ্ঠিত নির্বাচনে দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক দিনকাল পত্রিকার রায়পুরা প্রতিনিধি হারুনুর রশিদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক স্বাধীন মত পত্রিকার রায়পুরা প্রতিনিধি দেলোয়ার হোসেন।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে সংগঠনটির নিজস্ব কার্যালয়ের হলরুমে ভোটারদের সরাসরি অংশগ্রহণে ব্যালটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সভাপতি পদে হারুনুর রশিদ ৮ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক আগামীর সময় ও গ্রীন টিভির রায়পুরা প্রতিনিধি মেহেদী হাসান রিপন পেয়েছেন ৪ ভোট।
অন্যদিকে সাধারণ সম্পাদক পদে দেলোয়ার হোসেন ৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী এনটিভির রায়পুরা প্রতিনিধি ফরহাদ আলম পেয়েছেন ৪ ভোট।
নির্বাচনে বিজয়ী হওয়ার পর সভাপতি হারুনুর রশিদ বলেন, “সাংবাদিক ফোরামের সদস্যরা আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছেন, তার জন্য সবার প্রতি কৃতজ্ঞ। সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, পারস্পরিক ঐক্য, অধিকার ও মর্যাদা রক্ষায় সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।”
নবনির্বাচিত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, “দ্বিতীয়বারের মতো আমাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় সংগঠনের সব ভোটার ও সহকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। সাংবাদিক ফোরামকে আরও গতিশীল ও শক্তিশালী করতে এবং সদস্যদের কল্যাণে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করব।”
উল্লেখ্য, মেহেদী হাসান রিপন রায়পুরা সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।
নির্বাচনে বিজয়ী সভাপতি ও সাধারণ সম্পাদককে সংগঠনের সদস্য ও সহকর্মী সাংবাদিকরা অভিনন্দন জানিয়েছেন। নবনির্বাচিত নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।