মোঃ বাদল মিয়া, বেলাবো (নরসিংদী) প্রতিনিধি:
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর বেলাবোতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি, অগ্নিনির্বাপণ ও দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলাবো উপজেলা মাঠে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
মহড়ায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা অগ্নিকাণ্ডের পরিস্থিতি মোকাবিলা, আগুন নিয়ন্ত্রণ এবং অগ্নিকাণ্ডের সময় করণীয় সম্পর্কে হাতে-কলমে ধারণা লাভ করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ লাইলাতুল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খাদিজা আক্তার বেলাবো সিভিল ডিফেন্সের ইনচার্জ মনজুরুল আলম , উপজেলা প্রকোশলী গোলাম সারোয়ার, মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম ফারুক, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর কবির নান্নু, বেলাবো প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন নিলু, সাধারণ সম্পাদক আমিনুল হক, সদস্য মোঃ বাদল মিয়া প্রমুখ।
এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মহড়ার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে অগ্নিকাণ্ডের ঝুঁকি সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে ধারণা দেওয়া হয়। একই সঙ্গে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয়।
আয়োজকেরা মনে করেন, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় পর্যায়ে দুর্যোগবিষয়ক সচেতনতা বাড়ানোর পাশাপাশি সাধারণ মানুষের প্রস্তুতি ও সক্ষমতা বৃদ্ধিতে এ ধরনের মহড়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও পূর্বপ্রস্তুতি নিশ্চিত করা গেলে জানমালের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।