শাহানাজ ইসলাম:
নরসিংদীর রায়পুরা থানার তালিকাভুক্ত সন্ত্রাসী ও তিনটি হত্যা মামলাসহ মোট ১০ মামলার আসামি হান্নান (৪২) এবং তার সহযোগী নুরুল ইসলামকে (৩৮) ঢাকার তেজগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হান্নান রায়পুরা উপজেলার বাসিন্দা এবং নুরুল ইসলাম উপজেলার মির্জারচর এলাকার বাসিন্দা।
মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন নরসিংদীর পুলিশ সুপার (এসপি) আব্দুল্লাহ আল ফারুক।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় হান্নানের ঢাকায় অবস্থানের তথ্য জানতে পারে পুলিশ। পরে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঢাকার তেজগাঁও এলাকায় অভিযান চালায়। অভিযানে হান্নান ও নুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের নরসিংদীতে নিয়ে আসা হয়।
রায়পুরা থানার ওসি মো. মুজিবুর রহমান জানান, হান্নান থানার তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে মোট ১০টি মামলা রয়েছে। এর মধ্যে তিনটি হত্যা মামলা, একটি দ্রুত বিচার আইনের মামলা, একটি মাদক আইনের মামলা এবং অন্যান্য ধারায় আরও পাঁচটি মামলা রয়েছে।
পুলিশের তথ্যমতে, গত জুন মাসে রায়পুরার নিলক্ষ্যা এলাকায় সংঘটিত হত্যাকাণ্ডসহ হান্নানের বিরুদ্ধে তিনটি হত্যা মামলা রয়েছে। অপরদিকে গ্রেপ্তার নুরুল ইসলামও হত্যা মামলাসহ তিনটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।
পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, হান্নান এলাকায় ‘অস্ত্র হান্নান’ নামে পরিচিত। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার দুজনকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।