রায়পুরা প্রতিনিধি :
নরসিংদীর রায়পুরা উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বাহেরচর গ্রামে নিখোঁজের তিন দিন পর এসএসসি পরীক্ষার্থী অলিদ (১৬) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) রাতে ওই এলাকার একটি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, অলিদকে ফোন করে ডেকে নেওয়ার পর থেকে সে নিখোঁজ ছিল। পরে প্রতিবেশী জাকিরের বাড়িতে তার মরদেহ পাওয়া যায়। অভিযোগ উঠেছে, রাতের বেলা মরদেহটি সরিয়ে নেওয়ার সময় গ্রামের লোকজন বিষয়টি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এ ঘটনায় জাকিরের স্ত্রী ও তার তিন কন্যাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর বিস্তারিত কারণ জানা যাবে।