নরসিংদী প্রতিনিধি :
নরসিংদীর রায়পুরার মেথিকান্দা রেলস্টেশনে হামলায় বাক্প্রতিবন্ধী নারী নিহত হওয়ার মামলায় গ্রেপ্তার পাঁচজনকে তিন দিন করে রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
আজ (১২ জুলাই) রোববার দুপুরের দিকে নরসিংদী আদালতে রিমান্ড শুনানি শেষে এ আদেশ দেন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেলাল হোসেন।
রেলস্টেশন এলাকার বাসিন্দারা নিহত ওই নারীকে ববি বেগম হিসেবে চিনলেও তাঁর আসল নাম ওয়াহিদা বেগম। ৪ জুলাই দিবাগত রাত দুইটার দিকে রেলস্টেশনের পরিত্যক্ত একটি কক্ষে ঘুমিয়ে থাকা অবস্থায় তাঁকে মারধরের পর তাঁর দীর্ঘদিনের জমানো টাকা লুট করে একদল দুর্বৃত্ত। হামলায় তাঁর চোখ, মুখ ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। ৭ জুলাই রাত সাড়ে ১১টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে স্থানীয় লোকজন তাঁকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে দিবাগত রাত সোয়া একটার দিকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
হামলা ও লুটের শিকার বাকপ্রতিবন্ধী বৃদ্ধ ওয়াহিদা বেগম নিহত হওয়ার ঘটনায় ৬ জুলাই রাতে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে ভৈরব রেলওয়ে থানায় মামলা হয়। মামলাটি হামলা ও লুটের অভিযোগে করা হলেও ওয়াহিদা বেগম মারা যাওয়ার পর হত্যা মামলায় রূপান্তর করা হয়।
এ ঘটনায় গত বৃহস্পতিবার দিন ও রাতভর যৌথ অভিযান চালায় ভৈরব রেলওয়ে থানা পুলিশ, নরসিংদীর র্যাব-১১ ও রেলওয়ে গোয়েন্দা শাখা (ডিবি)। পরে রেলস্টেশনের আশপাশ থেকে তিন জন ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা থেকে দুজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার পাঁচ জন হলেন- সাকিব মিয়া (২৩), ইলিয়াছ মিয়া (৩৫), বিল্লাল মিয়া (২৫), দ্বীন ইসলাম (২৬) ও রিফাত মিয়া (২০)।
ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাঈদ আহমেদ বলেন, ‘গ্রেফতার পাঁচ জনকে আজ দুপুরে আদালতে তুলে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আসামিদের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন বিচারক। আজ তাদের জিজ্ঞাসাবাদ শুরু হবে।’