মোঃ বাদল মিয়া, বেলাব (নরসিংদী) প্রতিনিধি :
‘দেশ-প্রবাসে ঐক্য গড়ি, উন্নয়ন সেবায় এগিয়ে চলি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর বেলাব উপজেলার দেওয়ানের চরে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে এসএসসি ২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ও উত্তীর্ণ শিক্ষার্থী এবং ছুটিতে দেশে আসা প্রবাসীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতীয় তলায় অডিটরিয়াম রুমে দেওয়ানের চর যুব ও প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ-এর উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দেওয়ানের চর যুব ও প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মোঃ সোহেল রানা-র সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন হাসনাবাদ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ মমিনুল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও ডায়মন্ড নীট ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মোশারফ হোসেন।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন চর উজিলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ শফিকুল ইসলাম (সম্রাট)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ হরিছুল হক।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, প্রবাসী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনার মাধ্যমে তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করা সম্ভব। একই সঙ্গে দেশের অর্থনীতি ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রবাসীদের সম্মান জানানোও অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম এলাকার যুবসমাজকে ইতিবাচক কাজে সম্পৃক্ত হতে অনুপ্রাণিত করবে।
অনুষ্ঠান শেষে এসএসসি ২০২৬ পরীক্ষায় উত্তীর্ণ ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পাশাপাশি ছুটিতে দেশে আসা প্রবাসীদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় ছিলেন দেওয়ানের চর যুব ও প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের উপদেষ্টা মোঃ রতন মিয়া (সৌদি আরব প্রবাসী), মোঃ খোকন আফ্রাদ (সৌদি আরব প্রবাসী), মোঃ তারা মিয়া (দুবাই প্রবাসী) ও মোঃ আমজাদ হোসেন (দুবাই প্রবাসী)। এছাড়া সংগঠনের সহ-সভাপতি মোঃ ছানোয়ার হোসেন (দক্ষিণ কোরিয়া প্রবাসী) অনুষ্ঠানে সহযোগিতা করেন।
অনুষ্ঠানটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় উপস্থিত অতিথি, শিক্ষার্থী, প্রবাসী, সংগঠনের সদস্য ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান দেওয়ানের চর যুব ও প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের আয়োজকরা।