• শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

ইন্টারপোলের সহায়তায় দুবাই থেকে আলোচিত হারুন হত্যা মামলার আসামি গ্রেফতার

Reporter Name
Update : শুক্রবার, ৮ মে, ২০২৬

 

শাহানাজ ইসলাম :
আজ (৭ মে ২০২৬ ইং) বৃহস্পতিবার দুপুরে নরসিংদী পিবিআই সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নরসিংদী জেলা আলোচিত হত্যা মামলার অন্যতম আসামি আরিফ সরকারকে দুবাই থেকে গ্রেফতারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায়।

সংবাদ সম্মেলনে পিবিআই জানায়, নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ হারুনুর রশিদ খান হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত আসামি আরিফ সরকারকে ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ গ্রেফতার করে। পরে বাংলাদেশ পুলিশের বিশেষ টিম তাকে দেশে ফিরিয়ে আনে।

গ্রেফতারকৃত আসামি আরিফ সরকার (৪০) নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া কামারগাঁও গ্রামের মৃত হাফিজ উদ্দিন সরকারের ছেলে। গত ৬ মে ২০২৬ তাকে বাংলাদেশে এনে আদালতে সোপর্দ করা হয়।

পিবিআই সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ হারুনুর রশিদ খান নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি সকাল ৬টা ১৩ মিনিটে নিজ বাসভবনে আরিফ সরকারসহ অন্যান্য আসামিদের পরিকল্পনায় সন্ত্রাসীরা পি;স্তল দিয়ে গু/লি করে তাকে গুরুতর আহত করে। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর ওই বছরের ৩১ মে তিনি মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় ভিকটিমের ছেলে আমানুর রশিদ খান বাদী হয়ে ২০২৩ সালের ২৭ ফেব্রুয়ারি শিবপুর মডেল থানায় মামলা নং-১৭ দায়ের করেন। মামলায় আরিফ সরকারসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে ৩২৬/৩০৭/১১৪/১০৯/৩৪ ধারাসহ ৩০২ পেনাল কোডে অভিযোগ আনা হয়। প্রথমে থানা পুলিশ মামলাটি তদন্ত করলেও পরে বাদীর আবেদনের প্রেক্ষিতে পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে ২০২৩ সালের ২৩ জুন পিবিআই নরসিংদী জেলা মামলার তদন্তভার গ্রহণ করে।

তদন্ত চলাকালে এর আগে একই মামলার অন্যতম আসামি মহসীনকে ইন্টারপোলের মাধ্যমে দুবাই থেকে গ্রেফতার করা হয়। আদালতে উপস্থাপনের পর তার দেওয়া গুরুত্বপূর্ণ তথ্যে আরিফ সরকারসহ অন্যান্য আসামিদের পরিকল্পনা ও সম্পৃক্ততার বিষয়টি উঠে আসে।
পরে আরিফ সরকারের বিদেশে অবস্থানের তথ্য নিশ্চিত করতে পিবিআই নরসিংদী জেলা বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের এনসিবি শাখায় আবেদন করে। দুবাইয়ে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় এবং ইন্টারপোলের রেড নোটিশের মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনার কার্যক্রম শুরু হয়।
মামলার তদন্ত শেষে ২০২৫ সালের ২৪ নভেম্বর পিবিআই নরসিংদী জেলা আরিফ সরকারসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
পরবর্তীতে ইন্টারপোলের সহায়তায় দুবাই পুলিশ আরিফ সরকারকে গ্রেফতার করে বাংলাদেশ পুলিশকে অবহিত করলে পিবিআই ও পুলিশ হেডকোয়ার্টার্সের সমন্বয়ে গঠিত বিশেষ টিম তাকে ২০২৬ সালের ৬ মে দেশে ফিরিয়ে আনে। পরে হযরত শাহজালাল (রাঃ) আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে শিবপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। শিবপুর থানা পুলিশ একই দিনে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করে।

সংবাদ সম্মেলনে পিবিআই নরসিংদীর পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন বলেন, ইন্টারপোল ও দুবাই পুলিশের সহযোগিতায় পলাতক আসামিকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। তিনি জানান, মামলার অন্যান্য আসামিদের বিরুদ্ধেও আইনগত কার্যক্রম চলমান রয়েছে। এ পর্যন্ত এ মামলায় ১২ আসামীর মাঝে সকল আসামীকে পুলিশ গ্রেফতার করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category