মোঃ বাদল মিয়া, বেলাবো (নরসিংদী) প্রতিনিধি :
নরসিংদীর বেলাবোতে “তথ্য অধিকার আইন, ২০০৯” বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার (১৪ মে ) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাফসা নাদিয়ার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে যুক্ত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ হাসান। এ সময় আরো উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ সাদিকুর রহমান, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব ড. মোহাম্মদ আসরাফুল আলম, বেলাবো থানা অফিসার ইনচার্জ এসএম আমানউল্লাহ, বেলাবো প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন নিলু, সাধারণ সম্পাদক আমিনুল হক প্রমূখ।
উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাফসা নাদিয়া বলেন, তথ্য অধিকার আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও সঠিক বাস্তবায়নের জন্য এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আলোচনা পর্বে “তথ্য অধিকার আইন, ২০০৯ : পটভূমি ও উদ্দেশ্য” এবং “তথ্য অধিকার আইন, ২০০৯ বাস্তবায়নে করণীয়” বিষয়ে বিস্তারিত আলোচনা করেন ড. মোহাম্মদ আসরাফুল আলম ও মুহাম্মদ সাদিকুর রহমান। পরে অংশগ্রহণকারীদের মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করা হয়।
কর্মশালায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। মন্ত্রিপরিষদ বিভাগের আয়োজনে এবং উপজেলা প্রশাসন, বেলাবো, নরসিংদীর সহযোগিতায় এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।