নরসিংদী প্রতিনিধি :
নরসিংদী জেলা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রায়পুরা উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের দিঘলিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়। ফাইনাল ম্যাচে তারা নরসিংদী সদর উপজেলার মহিষাসুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-০ গোলের ব্যবধানে পরাজিত করে শিরোপা জয় করে।
খেলার শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় দিঘলিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড়রা। পুরো ম্যাচজুড়ে দারুণ সমন্বয়, গতিময় আক্রমণভাগ ও শক্তিশালী রক্ষণভাগের কারণে প্রতিপক্ষকে কোনো সুযোগই দিতে পারেনি দলটি। একের পর এক আক্রমণে তিন গোল করে সহজ জয় নিশ্চিত করে রায়পুরার ক্ষুদে ফুটবলাররা।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন খায়রুল কবির খোকন। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন নরসিংদী জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া। এ সময় উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুূদ রানাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
চ্যাম্পিয়ন হওয়ার খবরে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মাঝে আনন্দের বন্যা বয়ে যায়। খেলোয়াড়দের এই অসাধারণ সাফল্যে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।