মোঃ বাদল মিয়া, বেলাবো (নরসিংদী) প্রতিনিধি :
নরসিংদীর বেলাব উপজেলার নারায়ণপুর রাবেরা মহাবিদ্যালয় (ডিগ্রি) কলেজ মাঠে (২৪ জুন) বুধবার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শহীদ জিয়া স্মৃতি মানবিক সামাজিক রক্তদান সংগঠন-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি সকাল ৯টা থেকে বিকাল ৩টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকার সাধারণ মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা এবং রক্তের গ্রুপ নির্ণয়, ক্যাম্পে বিভিন্ন রোগের চিকিৎসা ও পরামর্শ প্রদান করেছেন অভিজ্ঞ চিকিৎসকবৃন্দ।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আহসান হাবিব বিপ্লব, নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রশিদুল ইসলাম লাল মিয়া, নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহোল আমিন শ্যামল, নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল বাছেদ মাস্টার, উপজেলা যুবদল নেতা মোঃ মাসুদ মোল্লা, মোবারক হোসেন প্রমুখ।
যেসব ডাক্তারগণ বিনামূল্য সেবা দিয়েছেন তারা হলেন
ডা. মো. মহিব্বুর রহমান সাব্বির, ডা. মাহমুদা মুক্তা, ডা. মো. ওমর ফারুক ও ডা. আফিকুল ইসলাম।
শহীদ জিয়া স্মৃতি মানবিক সামাজিক রক্তদান সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য মোঃ জাকির হোসেন বলেন সমাজ সেবামূলক এ উদ্যোগের মাধ্যমে এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করাই তাদের মূল লক্ষ্য।