মনোহরদীতে গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের গ্র্যাজুয়েশন ও বৃত্তি প্রদান
মনোহরদী প্রতিনিধি :
নরসিংদীর মনোহরদীতে কুরআন সুন্নাহ ফাউন্ডেশন পরিচালিত গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে অ্যানুয়াল গ্র্যাজুয়েশন, মেধা বিকাশ বৃত্তি প্রদান, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
শনিবার (২২ আগস্ট) সকালে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের গ্র্যাজুয়েশন গাউন ও ক্যাপ পরানো হয়। পাশাপাশি মেধা বিকাশ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার এবং এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট ও সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে নরসিংদীর ১১৩টি হাইস্কুলের পরীক্ষার্থীদের মধ্যে ৭ জন ট্যালেন্টপুল ও ১৩ জন সাধারণ বৃত্তি এবং মনোহরদীর ৫ম শ্রেণির ৩৪০ পরীক্ষার্থীর মধ্যে ১১ জন ট্যালেন্টপুল ও ১৭ জন সাধারণ বৃত্তি লাভ করেন। এছাড়া গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ৪ শিক্ষার্থীও বৃত্তি পেয়েছে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রতিষ্ঠাতা ও পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ শফিকুল ইসলাম (শফিক)। প্রধান অতিথি ছিলেন মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার জনাব মাহমুদুল হাসান। সভাপতিত্ব করেন অধ্যক্ষ জনাব মোঃ নজরুল ইসলাম খান। অনুষ্ঠান পরিচালনা করেন অ্যাডভোকেট মোঃ মাসুদুর রহমান (মাসুদ)।
আলোচনা ও পুরস্কার বিতরণের পর শিক্ষার্থীদের অংশগ্রহণে নাচ, গান, কৌতুকসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।